সাহিত্য ও সংস্কৃতি
কবিতা · Site Administrator · 2026-10-11

আমার হাঁটার পুরানা পথে

ফয়েজ আলম

আমি দেখি না আমার হাঁটা পথের কোনখানে এখনো মুথা লম্বা ঘাসের উপর
আসরের একলা রৈদ গড়ায়া যাইতেছে আম শাল শ্যাওড়ার গাঁয়ে ফিরত আসতেছে
ভিনদেশি লেঞ্জা হাঁসের স্বপ্ন, আগুইল্লা শীতের উম। এই মিসিল দৃশ্যগুলারে নিয়া নি:শব্দে মশকরা করে একখান হৈলদা পাতার পতন।

না দেখলেই সব দেখা মিছা হয়া যায় না বনজামের ডালে যে একটা পক্ষি ডাকতেছে
দেখার আড়ালে
আমার মস্তকের গহীন কোটরে সেও সত্য।

যেসব দৃশ্য দেখার লোভে
আমি স্বপ্নের ভিত্রে ঘুইরা ফিইরা হাঁটি পুরানা পথ একটা করইয়ের তলের ঘাসের কাছে ধন্না দেই
দেখি দুইটা তিলা ঢুপি দুনিয়ার অনেক উপরে
শীল করইয়ের নিরালা ডালে বসা
তারা উইড়া যাওনরে পরেও
আমার মগজের আরশ মহল্লার কিছু নিচে
দুইজনে অবিরাম কথা কয়
এও কোন মিছা না।

অথচ সারাদিন সারারাইত আমাদের খালি হাত
শুন্য চোখ
চাইরদিকে যতই হাতাই
পানি ঘোলা করি
আঁজলায় ভইরা উঠে
চেঙরা বয়সের সইন্ধ্যার মনখারাপ রঙ।

মন্তব্য করুন

মন্তব্যটি পর্যালোচনার পর প্রকাশিত হবে।

এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।