বিক্রির জন্যে নয়
চন্দনা রায়
আর কিছু থাক নাই বা থাকুক তোমার,
বুক পকেটে একটা কলম রেখো,
যা আছে বলার আজ না বলো যদি,
এখনও তবেই গা বাঁচিয়েই থেকো।
যে কথাটা আজকে বলার আছে,
যে লেখাটা কলম শুধু জানে,
বুকের মাঝে যে রাগ প্রতিবাদের,
বলেই ফেলো লেখায়, সুরে গানে।
হাজার বছর সেই কলমই বাঁচে,
যে কলমে তরবারির ধার,
সমকাল আজ প্রশ্ন করে যদি,
স্পর্ধা থাকুক জবাব দেওয়ার তার।
কলম, সুর আর প্যালেট জাগায় ভয়,
কোনো কিছুই বিকিয়ে যাওয়ার নয়।
মন্তব্য করুন
মন্তব্যটি পর্যালোচনার পর প্রকাশিত হবে।
সাহিত্য ও সংস্কৃতি
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।