বন্ধুহীন নগর
বাকী বিল্লাহ
বিধাতাও থেমে যায় এখানে এসে
বন্ধুহীন শহর!
ইট-পাথরের বাড়বাড়ন্ত
সূর্যের আলো প্রতিযোগিতা করে
কার আগে কে পালাবে।
এখানে ঘন্টার পর ঘন্টা থেমে থাকে সময়
এখানে ভালোবাসাও থেমে থাকে সময়ের সাথে
এখানে কর্ম থেমে থাকে সময়ের প্রতিবন্ধকতায়।
এখানে কোন নীরবতা নেই
শব্দেরা এখানে আত্মঘাতী বুলেট
ধুলো বালির বাঁধা এড়াতে পারেনা বাতাস
তাই তো ঘূর্ণি পাকের আলোড়ন ওঠে
ধুলি আর বাতাসের ভাঙা ভাঙা আলোচনায়
শত চেনা গলিপথগুলো এখানে পথ হারায় অবলীলায়
ভালোবাসা এখানে পরিবর্তিত হয় সেকেন্ডে আর মিনিটে
কৃত্রিম মানুষগুলো এখানে প্রতিনিয়ত
কৃত্রিমতা মাখে শরীর মনে বুঝেশুনে।
দিনের আলো এখানে ধুলিমাখা ভালোবাসায় মিলেমিশে
চোখের দৃষ্টিতে আনে এক নীরব অদৃশ্যতা
চাঁদের আলো এখানে অবিরাম মার খায়, নীরবে
নিয়ন আলোর ঊর্ধাভিযানে।
তবুও জীবন থামে না, এখানে
শুধু হাতড়ে পাতড়ে বেড়ায়!
এখানে দিন আসে পুতিগন্ধময়তায়
এখানে রাত আসে স্বাভাবিক বৃহন্নলা সাজে!
এ নগরে আবাস কোটি মানুষের
কিন্তু এ নগর মানুষের নয়
কোটি কোটি মানুষ ঘর্মক্লান্ত শরীর বয়ে বেড়ায় এ নগর
শুধু তাদের মন থাকে
নগরের বাইরে কোন এক সুদূরে।
এখানে জীবন ভীষণ কঠিন
চিরশান্তির মৃত্যু এখানে আরো বেশি কঠিন
ভালোবাসা এখানে ধূলিময়
ভালোবাসা এখানে অদৃশ্য কোন ঘাতক
প্রেম এখানে পবিত্র নয়, পুরোপুরি!
মন্তব্য করুন
মন্তব্যটি পর্যালোচনার পর প্রকাশিত হবে।
সাহিত্য ও সংস্কৃতি
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।