সাহিত্য ও সংস্কৃতি
কবিতা · Site Administrator · 2026-10-19

এদেশে কৃষ্ণচূড়া, পলাশ ফোটে না

খোন্দকার শাহ্ আলম

আমি এমন এক দেশে থাকি
যেখানে মিথ্যে কথা কবিতা হয়ে ওঠে
বিচারক নৈশভোজে ভক্ষণ করে আইন,
বুদ্ধিজীবীরা হয়ে ওঠে রাজার কৃতদাস,
আমলারা হয়ে ওঠে জনগণের রক্তপান করা ড্রাকুলা,
রাজনীতিবিদরা গণতন্ত্রের তন্ত্রমন্ত্র নিয়ে খেলে পাশা।

আমি এমন এক দেশে থাকি
যেখানে ট্রাফিক আইন অমান্য করে সগর্বে হেসে ওঠে অচেতন জনগণ,
পুলিশ হয়ে ওঠে প্রশিক্ষিত সন্ত্রাসী,
পাড়ার চাঁদাবাজ-মাস্তানেরা হয়ে ওঠে মন্ত্রী-মিনিস্টার,
ঋণখেলাপি ব্যবসায়ীরা হয়ে ওঠে মাননীয় সাংসদ।

আমি এমন দেশে থাকি
যেখানে বুদ্ধি প্রতিবন্ধীরা অনায়াসে হয়ে ওঠে বিজ্ঞানী,
গবেষণাগারে ঘর বাঁধে ঘুণ পোকা,
শিক্ষক হয়ে পড়ে প্রান্তিকজন,
বাংলা একাডেমির চত্বর হয়ে ওঠে ছেঁড়া কাগজের ভাগাড়,
বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে দলীয় রাজনীতির আতুরঘর।

আমি এমন এক দেশে থাকি
যেখানে চিকিৎসক অসুস্থ রোগীকে খদ্দের মনে করে,
হাসপাতাল হয়ে ওঠে বড়লোকের মেসেজ পার্লার,
ভালোবাসা হয়ে ওঠে পতিতার নরম হাতের ছোঁয়া।

আমি এমন এক স্বাধীন দেশে থাকি
যার সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব থাকে অন্য দেশের হাতে,
বীরশ্রেষ্ঠদের নিয়ে লেখা হয় কমেডি নাটক,
সত্য কথাকে বলা হয় বেয়াদবি,
শিক্ষাকে করা হয় শোষণের হাতিয়ার।

এদেশে কৃষ্ণচূড়া, পলাশ ফোটে না
এদেশে কাউকে কেউ ভালোবাসে না।
এ দেশে সবাই অনভিজাত।

মন্তব্য করুন

মন্তব্যটি পর্যালোচনার পর প্রকাশিত হবে।

এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।