সাহিত্য ও সংস্কৃতি
কবিতা · Site Administrator · 2026-10-11

সূর্যোদয় ভোর

কাজী মাজেদ নওয়াজ

একটি পাতা থমকে গেল
মাঝ-পতনের পথে

একটি পাতা রকেট হলো
চললো উল্টোরথে

একটি পাতা একাই ওড়ে
সূর্যোদয় ভোরে।

এক ভয়াল সন্ধ্যার চারিদিকে

এক সরিষাক্ষেতে সোনার আলো নিয়ে--
ডুবে যাচ্ছে কী গভীর অন্ধকারে

সুবেহসাদিকে জেগে ওঠার আহ্বান
তুমি কখনো শোনো নি

বাতাসের স্রোত ভেঙে ভেঙে প্রলম্বিত ঘণ্টাধ্বনি
পৌঁছায়নি তোমার কান অবধি

তুমি ঘুমিয়েই আছো, আর ক্রমাগত
দুঃস্বপ্নের তরবারি দিয়ে হত্যা করেছো নিজেকে

মধ্যরাতে দপ করে জ্বলে ওঠা
গগনবিদারী রক্তসূর্য দেখে--
এখনও তুমি সূর্যোদয় বলে ভ্রমে মেতে আছো?

মন্তব্য করুন

মন্তব্যটি পর্যালোচনার পর প্রকাশিত হবে।

এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।