কাজী মাজেদ নওয়াজের একগুচ্ছ কবিতা

লিখেছেন: কাজী মাজেদ নওয়াজ প্রকাশিত: 29 August 2026

কাজী মাজেদ নওয়াজ

সন্ততি

আমায় দেখতে না পেয়ে দরজায় একটি শিশুর
ধাক্কাধ্বনি শুনি। ও-ঘর থেকে—
এমনকি কবর থেকেও…..

সত্য

ভালো নয়, মন্দের গভীরতম সত্যের উদ্ভাস যখন দিকে দিকে,
তখন একটি মৃত কবুতরের ডানায়
উড়ে যায় ভোরের বাতাস—
মুছে যায় বিগত নদীর বাঁক বদলের ইতিহাস।

সূর্যডোবা ভোর

একটি পাতা থমকে গেল মাঝপতনের পথে,
একটি পাতা রকেট হলো,
চলল উল্টোরথে।
একটি পাতা একাই ওড়ে
সূর্যডোবা ভোরে।

এক ভয়াল সন্ধ্যারঙ চারদিকে,
এক সরিষাক্ষেত সোনারঙ আলো নিয়ে—
ডুবে যাচ্ছো কী গভীর অন্ধকারে!

সুবহে সাদিকে জেগে ওঠার আহ্বান
তুমি কখনো শোনোনি।
বাতাসের স্রোত ভেঙে ভেঙে প্রলম্বিত ঘণ্টাধ্বনি
পৌঁছায়নি তোমার কান অবধি।

তুমি ঘুমিয়েই আছো, আর ক্রমাগত
দুঃস্বপ্নের তরবারি দিয়ে হত্যা করছো নিজেকে।

মধ্যরাতে দপ করে জ্বলে ওঠা
গগনবিদারী রক্তসূর্য দেখে—
এখনও তুমি সূর্যোদয় বলে ভ্রমে মেতে আছো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *